
নওগাঁ: জেলা প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলার সাবাই হাট কেন্দ্রীয় দুর্গা মন্দিরের ঠিক সামনে সরকারি প্রকল্পের একটি বিল্ডিং নির্মাণ কাজ শুরু হওয়ায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ সচেতন মহলে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। একটি ধর্মীয় প্রতিষ্ঠানের মুখোমুখি এমন স্থাপনা নির্মাণকে ভালোভাবে দেখছেন না স্থানীয়রা। এতে করে এলাকায় ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সরকারি একটি প্রকল্পের বাস্তবায়নের অংশ হিসেবে সাবাই হাট কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সংলগ্ন স্থানে একটি বিল্ডিংয়ের নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু মন্দির চত্বর বা এর অত্যন্ত কাছাকাছি এই স্থাপনা নির্মাণের ফলে মন্দিরের পবিত্রতা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি পূজা-পার্বণ ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় বিঘ্ন ঘটতে পারে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, সরকারের উন্নয়নমূলক কাজের প্রতি তাদের কোনো দ্বিমত নেই এবং তারা দেশের উন্নয়ন চান। তবে একই প্রকল্পের কাজটি যদি মন্দির থেকে কিছুটা দূরে বা অন্য কোনো উপযুক্ত স্থানে করা হতো, তবে এ ধরনের অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টি হতো না। পরিকল্পিতভাবে ধর্মীয় প্রতিষ্ঠানের সংলগ্ন স্থানে এই বিল্ডিং নির্মাণের বিষয়টি কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেন তারা।
এদিকে, মন্দির সংলগ্ন স্থানে এই ধরনের স্থাপনা নির্মাণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতারা ও সাধারণ মানুষ। তারা মনে করেন, এ ধরনের স্পর্শকাতর বিষয়ে আরও দূরদর্শিতা ও সাবলীল পরিকল্পনা থাকা উচিত ছিল।
পরিস্থিতি বিবেচনায় এবং এলাকায় দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিশেষ করে, বর্তমান নির্মাণাধীন বিল্ডিংটির পরিকল্পনা পরিবর্তন করে তা মন্দির সংলগ্ন স্থান থেকে একটু দূরবর্তী কোনো উপযুক্ত স্থানে সরিয়ে নেওয়া যায় কি না, সে বিষয়ে মান্দা উপজেলার স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর জরুরি হস্তক্ষেপ ও সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত এই সমস্যার একটি গ্রহণযোগ্য সমাধান বের হবে, যাতে এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় থাকে।
আপনার মতামত লিখুন :