
মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করতে পারে এবং মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি তৈরি করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মানবাধিকারকর্মী ও বিশিষ্টজনেরা। তাঁরা বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে। গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতনসহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের নিরপেক্ষ তদন্ত এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করাও জরুরি।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর আমানা ফুড ভিলের কনফারেন্স রুমে মানবাধিকার সংগঠন অধিকার-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অধিকার-এর রাজশাহী সমন্বয়ক ও সাংবাদিক মঈন উদ্দিন।
বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, এটি প্রতিষ্ঠায় নাগরিক সমাজ, গণমাধ্যম ও মানবাধিকারকর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আড়াল না করে সেগুলো নিরপেক্ষভাবে তুলে ধরতে হবে। একই সঙ্গে মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি।
তাঁরা আরও বলেন, কোনো আইন যেন নাগরিকের মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করার হাতিয়ার হয়ে না ওঠে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। মানবাধিকার সুরক্ষার নামে কিংবা নিরাপত্তার যুক্তিতে নাগরিকের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করা গ্রহণযোগ্য নয়। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের তদন্তে স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার পাশাপাশি দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের অধ্যাপক ও সাবেক রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক ও কবি সোহেল মাহবুব, রাজ টাইমস এর সম্পাদক শাহ সুফি মুহিব্বুল আরেফিন, দৈনিক নতুন প্রভাতের বার্তা সম্পাদক ও মানবাধিকার কর্মী তৌফিক ইমাম পান্না, বাসসের রাজশাহী প্রতিনিধি ওমর ফারুক, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা রাব্বানী, মানবাধিকার কর্মী সানজিদা ইসলাম, বাংলাদেশ বেতারের রাজশাহী নগর প্রতিনিধি আশিকুর রহমান এবং আইনজীবী নিজাম উদ্দিন, মানবাধিকার কর্মী আরিফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানবাধিকার কর্মী এম শামিম।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, মানবাধিকারকর্মী ও সাংবাদিক হাবিবউল্লাহ মোহাম্মদ কাওছারী, মানবাধিকার ও রাজনৈতিক বিশ্লেষক আনোয়ার হোসেন, মানবাধিকার কর্মী এম শামিম, মানবাধিকার কর্মী কাজি নুরুল আলম, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও মানবাধিকারকর্মী জুলইকরাম ফেরদৌস ইবতিদা এবং রিপোর্টার্স অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অর্গানাইজেশনের (রোমো) আহ্বায়ক ও মানবাধিকারকর্মী হুজাইফাসহ রাজশাহী জেলার অধিকার’র কর্মী ও সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, ১৯৯৪ সালের ১০ অক্টোবর মানবাধিকারকর্মীদের উদ্যোগে অধিকার প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতনসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিবদ্ধ করা এবং ভুক্তভোগীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। প্রতিষ্ঠার ৩২ বছর পূর্তিতে সংগঠনটি মানবাধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
আপনার মতামত লিখুন :