পূর্বাহ্ণ ০৫:১৭
শনিবার
১৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

উৎসবের আমেজে রাজশাহী: দুর্গাপূজা ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা গড়া ও সাজসজ্জার ধুম


sohel প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৬, ৮:৫১ অপরাহ্ন / ০
উৎসবের আমেজে রাজশাহী: দুর্গাপূজা ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা গড়া ও সাজসজ্জার ধুম
শুনুন বাংলায় Ready

মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে এখন উৎসবের আমেজে ভাসছে পদ্মাপাড়ের শহর রাজশাহী। উৎসবের দিনগুলো যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ব্যস্ততা ও উদ্দীপনা। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছেন কারিগররা, আর তার পরপরই শুরু হচ্ছে অলংকরণ ও রঙিন সাজসজ্জা।
​রাজশাহীর বিভিন্ন মণ্ডপে ঘুরে দেখা গেছে চমৎকার সব প্রস্তুতি। বিভিন্ন মণ্ডপে দেবী দুর্গা ও তার সন্তান দেবী লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশের প্রতিমায় কারিগরদের নিপুণ তুলির ছোঁয়া চলছে। মাটির কাজ শেষ করে এখন চলছে রঙের প্রলেপ আর চোখ আঁকার নিখুঁত কাজ। প্রতিমার গায়ে দেওয়া হচ্ছে বর্ণিল সাজ ও নতুন বস্ত্র। শুধু প্রতিমা তৈরিই নয়, প্রতিটি মণ্ডপকে দৃষ্টিনন্দন করতে আলোকসজ্জা, তোরণ নির্মাণ ও আধুনিক প্যান্ডেল তৈরির কাজও জোরকদমে এগিয়ে চলছে।
​কারিগররা জানান, উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে তাঁরা দিনরাত এক করে কাজ করছেন। মাটির নিখুঁত গড়ন থেকে শুরু করে গায়ে অলঙ্কার পরাণো—সবকিছুতেই রয়েছে ঐতিহ্যের ছাপ। প্রতিমার গায়ে রেশমি আলো এবং রঙের মেলবন্ধন মণ্ডপগুলোতে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে।
​রাজশাহীর ঐতিহ্যবাহী আলুপট্টি, কুমারপাড়া, গণকপাড়া, সাহেববাজারসহ নগরী ও জেলার বিভিন্ন মণ্ডপগুলোতে এখন পূজারি ও আলোকচিত্রীসহ বিভিন্ন বয়সের মানুষের কৌতূহলী আনাগোনা। সার্বজনীন এই উৎসবে যাতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেয়া হয়েছে নিবিড় নিরাপত্তা ব্যবস্থা।
​উৎসবের আলোয় রাজশাহী এখন সেজে উঠছে নতুন সাজে, অপেক্ষা শুধু দেবী দুর্গার মর্ত্যে আগমন ও বোধনের ধূপধুনোর সুরের।

2

2