অপরাহ্ণ ১২:২৩
মঙ্গলবার
১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক


sohel প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন /
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

মোঃ শাহারিয়ার (সোহেল) স্টাফ রিপোর্টার
নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রকাশ্যে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মনিরা বেগম (২২) উপজেলার ওমরপুর গ্রামের মোহাম্মদ মাসুদ হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী মো. ফরহাদ হোসেন পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের হেলালের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ফরহাদ হোসেন ধারালো ছুরি দিয়ে স্ত্রী মনিরা বেগমকে এলোপাতাড়িভাবে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযুক্ত ফরহাদ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। পরে তাকে ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শোক ও উত্তেজনার সৃষ্টি হয়। নিহতের স্বজনদের কান্নায় হাসপাতাল প্রাঙ্গণের পরিবেশ ভারী হয়ে ওঠে।
ঘটনার পরপরই পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।