

লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে কৃষি জমি রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় আজ সকালে উপজেলার মঞ্জিল পুকুর এলাকায় অভিযান চালিয়ে বালিবাহী ২টি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মঞ্জিল পুকুর এলাকায় বালিবাহী ২টি ট্রাক্টর আটকে রাখে স্থানীয় জনগণ। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে অভিযোগ পাওয়ার সাথে সাথেই লালপুর থানা পুলিশের একটি চৌকস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে না পাওয়ায় আইনগত ব্যবস্থা হিসেবে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাদী হয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। জব্দকৃত ট্রাক্টর দুটি বর্তমানে লালপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফসলি ও কৃষি জমি রক্ষার্থে এবং অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই ধরণের অভিযান ও কঠোর পদক্ষেপ আগামীতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :