
সাদ্দাম হোসেন সাজ্জাদ :
কক্সবাজারের টেকনাফে এসআরবি-১৫ ও বিজিবির যৌথ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া এলাকায় নাফ নদীসংলগ্ন ঝাউবনে এ অভিযান পরিচালিত হয়।
এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্প এবং ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রিয়াজ (২৯) ও মো. জাবের (৩২)। তাঁরা উখিয়ার যথাক্রমে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৭-এর সি ব্লক এবং জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫-এর জি ব্লকের বাসিন্দা।
এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার দুজন ও উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।
আপনার মতামত লিখুন :