
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীতে পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত এক নারী সার্জেন্টের ব্যক্তিগত ব্যাংক হিসাবে ৪৯ লাখ টাকা স্থানান্তরকে কেন্দ্র করে নানা প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছে। ব্যাংক হিসাবের নথি অনুযায়ী, ২০২২ সালের ৩০ আগস্ট ‘নিউরন নার্সিং কোচিং সেন্টার’-এর নামে পরিচালিত একটি ব্যাংক হিসাবে নগদ ৫০ লাখ টাকা জমা হয়। একই দিন ওই হিসাব থেকে ৪৯ লাখ টাকা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়।মানচিত্র দেখুন
নিউরন নার্সিং কোচিং সেন্টারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম। তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সাবেক আহ্বায়ক। তবে সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের সময় তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে জানা গেছে।
টাকা স্থানান্তরের উৎস ও উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে সার্জেন্ট সাবিহা আক্তার স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। গত সোমবার (৯ নভেম্বর) ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আনোয়ার হোসেনের উপস্থিতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার অ্যাকাউন্টে ৫০ লাখ কেন, এক কোটি-দুই কোটি টাকাও ঢুকতে পারে। যিনি টাকা দিয়েছেন, তাকেই এ বিষয়ে জিজ্ঞেস করুন। আমি সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই।’
এ ঘটনার পরদিন মঙ্গলবার রাতে নগরের লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ে পুলিশের পোশাক পরা অবস্থায় সাইফুল ইসলামের সঙ্গে সাবিহা আক্তারকে গোপনে বৈঠক করতে দেখা যায় বলে জানা গেছে।
অন্যদিকে, কোচিং সেন্টারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম দাবি করেন, টাকাটি সার্জেন্ট সাবিহা অন্য একজনের কাছ থেকে নিয়েছিলেন। সরাসরি লেনদেন না করে ওই তৃতীয় ব্যক্তির নগদ অর্থ তাঁর প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা দিয়ে পরে সাবিহার হিসাবে পাঠানোর অনুরোধ করা হয়েছিল। সাইফুলের ভাষ্য, ‘আমি উপকার করতে গিয়ে এখন বিপদে পড়েছি।’
তবে ওই তৃতীয় ব্যক্তির পরিচয়, অর্থের প্রকৃত উৎস এবং কেন কোচিং সেন্টারের ব্যাংক হিসাব ব্যবহার করে টাকা স্থানান্তর করা হয়েছিল, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি সাইফুল।
একজন পুলিশ সদস্যের ব্যক্তিগত ব্যাংক হিসাবে এ ধরনের বড় অঙ্কের অর্থ স্থানান্তরের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনটির রাজশাহী জেলা সভাপতি আহমেদ সফিউদ্দিন বলেন, ‘পুলিশের ট্রাফিক বিভাগে নানামুখী দুর্নীতির কথা সবার জানা। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যের অ্যাকাউন্টে এমন অস্বচ্ছ ও বিপুল অঙ্কের লেনদেনের পেছনে কী রয়েছে, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উন্মোচন করা অত্যন্ত জরুরি।’মানচিত্র দেখুন
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, কোনো প্রশাসনিক অভিযোগ না এলে পুলিশ নিজস্ব উদ্যোগে কারও ব্যক্তিগত ব্যাংক হিসাবের লেনদেন নিয়ে তদন্ত শুরু করে না।
তবে ব্যাংক হিসাবের নথিতে উঠে আসা এই বড় অঙ্কের লেনদেনের উৎস, উদ্দেশ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়ে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।
আপনার মতামত লিখুন :