
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : ২০ অক্টোবর (মঙ্গলবার)
একই দিনে দেশের প্রধান বন্দর নগরী চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান। দু’জনের সফরকে ঘিরে পুরো চট্টগ্রাম মহানগর নিরাপত্তার ছাদরে ঢেকে যাচ্ছে।
সূত্রমতে, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডাঃ শফিকুর রহমান সাংগঠনিক সফরে এসে দলীয় নেতা কর্মী সহ সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।
সূত্র জানায়, মঙ্গলবার বিকালে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন সকালে সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে নগরীতে আসছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডাঃ শফিকুর রহমান। একই দিনে দুই শীর্ষ নেতার আগমনকে ঘিরে চট্টগ্রাম মহানগর জুড়ে সংগঠনের পক্ষ থেকে প্রস্তুতি ও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দুর্গোৎসব উপলক্ষে দেশের কোনো প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এবারই প্রথম। আর এতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পূর্বের তুলনায় উৎসাহ-উদ্দীপনা এই বার একটু বেশি বিরাজ করছে।
জেলা প্রশাসন, মহানগর বিএনপি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নগরীর রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এবং আর্থিক অনুদান ও দেবেন তিনি। এরপর হোটেল র্যাডিসন ব্লুতে বিএনপি’র নেতা-কর্মীদের সাথে সাংগঠনিক সভায় অংশ নেবেন। রাতে সেখান থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন।
বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম সংবাদ মাধ্যম কে বলেন, প্রধানমন্ত্রী সামরিক বিমানে চট্টগ্রামে আসবেন। বিমানবন্দর থেকে সরাসরি জে এম সেন হলের পূজামণ্ডপে যাবেন। সেখানে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি হোটেলে দলীয় নেতা-কর্মীদের সাথে বসবেন।
সাংগঠনিক সভা প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, সভায় দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এবং তাতে অংশগ্রহণ কারীদের তালিকা তৈরির কাজ চলছে। তবে, গত ৯ আগস্টের সভার তুলনায় এবার নেতা-কর্মীদের সংখ্যা কম রাখা হবে বলে ও জানান দেন তিনি।
সফর ও পূজা উপলক্ষে নগর ও জেলায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান দেয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে।
নিরাপত্তায় পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২০ হাজারের বেশি সদস্য দায়িত্বে থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
প্রাসঙ্গিক ক্রমে এসআরবি-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে এসএসএফের নির্দেশনা ও সমন্বয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। র্যাব, পুলিশ, জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসন সমন্বিত ভাবে কাজ করছে। নগরীতে প্রায় ২ হাজার ৬০০ পূজামণ্ডপে নিয়মিত পরিদর্শন, মোবাইল টহল ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে বিশেষ স্ট্রাইকিং ফোর্স।
নিরাপত্তার পাশাপাশি সড়ক সংস্কার, সৌন্দর্যবর্ধন ও ফুটপাত দখলমুক্ত করার কাজও চলছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।
এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রশাসন, সিটি কর্পোরেশন এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ প্রসঙ্গে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেন, আমীরে জামায়াত মঙ্গলবার সকালে চট্টগ্রামে আসবেন। সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে তিনি আসবেন এবং সাংগঠনিক প্রোগ্রাম গুলোতে অংশগ্রহণ করবেন। এসব বিষয়ে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :