

আমাদের জন্মভূমি নিউজ ডেক্স
ভোগান্তিতে যাত্রীরা
রাজশাহী রেলস্টেশনে টিকিট কাউন্টার বন্ধ পাওয়ায় রাতের যাত্রীদের ভোগান্তি; কাউন্টারে সময়সূচি না থাকায় বিভ্রান্তি
রাজশাহী রেলস্টেশনে টিকিট কাউন্টার নির্ধারিত সময়ের আগেই বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টা ৫ মিনিটে টিকিট কিনতে স্টেশনে এসে কয়েকজন যাত্রী সবকটি কাউন্টার বন্ধ দেখতে পান।
ভুক্তভোগীদের অভিযোগ, স্টেশনের টিকিট কাউন্টারে কখন টিকিট বিক্রি শুরু ও শেষ হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট সময়সূচি টাঙানো নেই। ফলে জরুরি প্রয়োজনে রাতে টিকিট কিনতে এসে কাউন্টার বন্ধ পাওয়ায় বিপাকে পড়েন তারা।
সরেজমিনে জানা যায়, রাত ১১টা ৩০ মিনিটে রাজশাহী রেলস্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যায় ‘ঢাকা মেল’ ট্রেন। এ সময় কাউন্টার বন্ধ থাকায় কয়েকজন যাত্রী টিকিট না কেটেই ট্রেনে উঠতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
যাত্রীরা জানান, কাউন্টার খোলা ও বন্ধের নির্ধারিত সময় স্পষ্টভাবে প্রদর্শন করা থাকলে তারা আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারতেন। কাউন্টার বন্ধ পাওয়ার পর কোথা থেকে বা কীভাবে টিকিট সংগ্রহ করা যাবে, সে বিষয়েও পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি বলে অভিযোগ তাদের।
যাত্রীদের মতে, কাউন্টার পরিচালনায় এমন অনিয়ম থাকলে একদিকে যাত্রীদের ভোগান্তি বাড়ে, অন্যদিকে রেলওয়ে সম্ভাব্য রাজস্ব থেকেও বঞ্চিত হতে পারে।
ভোগান্তি কমাতে রাজশাহী রেলস্টেশনের টিকিট কাউন্টারে স্পষ্ট সময়সূচি প্রদর্শন এবং কাউন্টার পরিচালনায় নিয়মিত নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা।
আপনার মতামত লিখুন :