

মোঃ শাহিন ,নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সীমান্তে ছয়জন পুরুষকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সতর্ক অবস্থানে বর্তমানে তারা শূন্য লাইনে আটকে রয়েছেন।
আজ ২৭ আগস্ট (বৃহস্পতিবার) সকালে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীনস্থ রামদাসপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে সীমান্ত পিলার ২১৬/এমপি এলাকার কাছে ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর বিএসএফ ক্যাম্পের টহল দল ছয়জন পুরুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা করে।
বিষয়টি জানতে পেরে দ্রুত ব্যবস্থা নেয় বিজিবির রামদাসপুর বিওপির একটি টহল দল। বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে কঠোর বাধা দেন। বিজিবির প্রতিরোধের মুখে ওই ৬ ব্যক্তি বর্তমানে ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থান করছেন।
১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ ঠেকাতে বিজিবির অবস্থান শক্ত রয়েছে। আটক ব্যক্তিদের দ্রুত ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে এবং এ বিষয়ে বিএসএফের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :