

নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন আত্মগোপনে থাকা শাহাবুদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে
চারঘাট: রাজশাহীর চারঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচটি মাদক মামলার পলাতক আসামি শাহাবুদ্দিন ইসলাম (৩৫) ওরফে সুমনকে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ
গত বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ইউসুফপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ইউসুফপুর ইউনিয়নের মৃত গোলাম মজিদের ছেলে।
পুলিশ জানায়, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) হৃদয়, এসআই আব্দুল গনি ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত শাহাবুদ্দিনের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে। তিনি জিআর নং-১৯৫/২৫ মামলার (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারা) গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন এবং দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, “শাহাবুদ্দিনের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার (৭ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :