

আমাদের জন্মভুমি ডেক্স
রাজশাহী নগরীর অলোকার মোড় এলাকায় এক পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে। আহত ওই কর্মকর্তা সাব-ইন্সপেক্টর কোমল রক্ষিত (৪৫), যিনি বর্তমানে কক্সবাজারের টেকনাফ উপজেলার উখিয়া থানাধীন ১৪ এপিবিএন-এ কর্মরত।
ঘটনাটি গত ১৭ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে বোয়ালিয়া থানার অলোকার মোড় এলাকায় বোর্ড চেয়ারম্যানের বাসভবনের পাশে ঘটে। গুরুতর আহত অবস্থায় কোমল রক্ষিতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় ৫টি সেলাই পড়েছে এবং তিনি বর্তমানে ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আহত কোমল রক্ষিত জানান, শ্বশুরের মৃত্যুর পর তার শাশুড়ি নিজের নামে থাকা জমি তার স্ত্রী ও শ্যালিকার নামে দলিল করে দেন। পরবর্তীতে ওই জমিতে তিনি নিজ খরচে একটি বাড়ি নির্মাণ করে ভাড়া দেন। তবে স্থানীয় দীপক নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভাড়াটিয়াদের ওপর চাপ সৃষ্টি ও ভাড়ার অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, কর্মস্থল দূরে হওয়ায় নিয়মিত এলাকায় আসতে পারতেন না। বিষয়টি সমাধানের জন্য ছুটি নিয়ে রাজশাহী এলে ভাড়াটিয়ার সঙ্গে কথা বলার সময় দীপক তার ওপর হামলা চালায়। তার হাতে থাকা প্রায় ৩-৪ পাউন্ড ওজনের একটি তালা দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। পরে দীপকের দুই ভাই প্রশান্ত ও প্রদীপ লোহার রড ও পাইপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনার সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
শিরোইল ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম রসুল বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি (তদন্ত) এএইচএম সিরাজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে কথা বলার একপর্যায়ে তিনি কিছুটা উচ্চস্বরে প্রতিক্রিয়া জানান।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান বলেন, “এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :