

আমাদের জন্মভুমি ডেস্ক:
ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের ‘বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তিনি দাবি করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন সামরিক বাহিনীর কৌশলগত পদক্ষেপেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার (৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা
প্রতিবেদন অনুযায়ী, লেভিট বলেন, শুরু থেকেই ট্রাম্প ধারণা করেছিলেন যুদ্ধটি চার থেকে ছয় সপ্তাহ স্থায়ী হতে পারে। তবে মাত্র ৩৮ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র তাদের প্রধান সামরিক লক্ষ্য অর্জন এবং তা অতিক্রম করতে সক্ষম হয়েছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সাফল্যই কূটনৈতিক আলোচনায় শক্ত অবস্থান তৈরি করেছে। এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দল কঠিন দর-কষাকষির মাধ্যমে একটি কূটনৈতিক সমাধানের পথে এগোতে পেরেছেন, যা দীর্ঘমেয়াদি শান্তির সম্ভাবনা তৈরি করেছে।
লেভিটের দাবি, ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সক্ষম হয়েছেন, যা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, তারা দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, কারণ তাদের মতে ‘যুদ্ধের প্রায় সব লক্ষ্য অর্জিত হয়েছে’। একইসঙ্গে ইসলামাবাদে আলোচনার মাধ্যমে এই অর্জনকে রাজনৈতিকভাবে আরও সুসংহত করার পরিকল্পনার কথাও জানানো হয়।
উল্লেখ্য, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আগে ঘোষণা দিয়েছিলেন, ইরানের ওপর হামলা বন্ধ করা হলে তেহরান যুদ্ধবিরতিতে সম্মত হবে। তিনি বলেন, যুদ্ধবিরতির অংশ হিসেবে দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখা সম্ভব।
অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিশেষ অনুরোধে সাড়া দিয়ে ইরানের ওপর সম্ভাব্য বড় ধরনের হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি শর্ত দেন, হরমুজ প্রণালি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ নিরাপদ ও উন্মুক্ত রাখতে হবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। তিনি সেখানে উল্লেখ করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের অনুরোধে পূর্বনির্ধারিত সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এছাড়া তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পথে রয়েছে, যার প্রধান শর্ত হিসেবে হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখা জরুরি।
আপনার মতামত লিখুন :