

নিজস্ব সংবাদদাতা
নওগাঁর মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীকে রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার ২৩ আগস্ট ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আখতার জাহান সাথী রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তাঁকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও অর্পণ করা হয়েছে।
আখতার জাহান সাথী ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। সরকারি উপজেলা পোর্টালের তথ্য অনুযায়ী, তিনি ২০২৫ সালের ১৫ জুলাই মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
মান্দায় দায়িত্ব পালনকালে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষা ও জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। চলতি বছর ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এ নওগাঁ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হন আখতার জাহান সাথী। প্রশাসনিক দক্ষতা, সততা, নিষ্ঠা ও শিক্ষার মানোন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা পান।
মান্দায় যোগদানের আগে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন তিনি। প্রকাশিত তথ্য অনুযায়ী, তাঁর প্রশাসনিক কর্মজীবনের শুরু সুনামগঞ্জ জেলায়। পরবর্তীতে চাঁদপুরে আরডিসি ও ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার এবং লক্ষ্মীপুরের রায়পুর ও নোয়াখালীর সোনাইমুড়ীতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
নতুন পদায়নের মধ্য দিয়ে রাজশাহী জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে যুক্ত হচ্ছেন আখতার জাহান সাথী।
আপনার মতামত লিখুন :