

নিজস্ব প্রতিবেদক
আধুনিকতার ছোঁয়া ও প্লাস্টিক-মেটাল পণ্যের ভিড়েও গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্পের দেখা মিলছে ভিন্ন রূপে। সম্প্রতি স্থানীয় বাজারে মাটির তৈরি জিনিসপত্রের সাথে বিশেষভাবে নজর কাড়ছে বাহারি রঙের ও আলপনা আঁকা মাটির ব্যাংক। ছোট-বড় সবার মাঝে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে এসব মাটির ব্যাংকের চাহিদা রয়েছে এখনও।
সরেজমিনে দেখা যায়, কারিগররা মাটি দিয়ে হাড়ি-পাতিল এবং বিভিন্ন পাত্র তৈরির পাশাপাশি নজরকাড়া রঙ ও নকশায় সাজিয়ে তুলছেন মাটির ব্যাংক। লাল, সবুজ, হলুদ ও নানা রঙের সংমিশ্রণে আঁকা আলপনা এসব লোকজ পণ্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণদের আকৃষ্ট করতেই ব্যাংকগুলোকে এভাবে নান্দনিক রূপে সাজানো হচ্ছে।
তবে স্থানীয় মৃৎশিল্পীদের সাথে কথা বলে জানা যায়, বর্তমান সময়ে মাটির তৈরি সামগ্রীর বাজার আগের মতো সহজ নয়। মাটি ও কাঁচামালের মূল্যবৃদ্ধি, পরিবহন খরচ এবং প্লাস্টিক পণ্যের ব্যাপক ব্যবহারের কারণে ঐতিহ্যবাহী এই শিল্প ধরে রাখা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তবুও বাপ-দাদার এই পেশাকে বাঁচিয়ে রাখতে এবং বাঙালি ঐতিহ্য টিকিয়ে রাখতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন শিল্পীরা।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি ও বেসরকারি পর্যায়ে পৃষ্ঠপোষকতা এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা গেলে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই মৃৎশিল্প আবারও নতুন প্রাণ ফিরে পাবে।
আপনার মতামত লিখুন :