[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফসলি জমিতে অবাধে পুকুর খনন, চলছে মাটি কেনাবেচার মহোৎসব


sohel প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৬, ১:১০ পূর্বাহ্ন / ০
তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফসলি জমিতে অবাধে পুকুর খনন, চলছে মাটি কেনাবেচার মহোৎসব
শুনুন বাংলায় Ready

তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলার কালীগঞ্জ এলাকায় সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে ফসলি জমিতে অবাধে চলছে পুকুর খনন। স্থানীয় প্রভাবশালী একটি চক্র এক্সকাভেটর (ভেকু) মেশিন বসিয়ে দিনরাত সমানতালে কৃষি জমির শ্রেণি পরিবর্তন করছে। শুধু পুকুর খননই নয়, খননকৃত সেই মাটি ৮ থেকে ১০টি ট্রাক্টর ও ড্রাম ট্রাকের মাধ্যমে অবাধে বিক্রি ও পরিবহন করা হচ্ছে এলাকার বিভিন্ন ইটভাটা ও নিচু জমি ভরাটের কাজে।
​স্থানীয় কৃষক ও এলাকাবাসীর অভিযোগ, কালীগঞ্জ এলাকার উর্বর তিন ফসলি জমিগুলোকে টার্গেট করে একটি অসাধু মাটি ব্যবসায়ী সিন্ডিকেট এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কোনো প্রকার প্রশাসনিক অনুমতি ছাড়াই ফসলি জমির বুক চিরে গভীর গর্ত করে পুকুর তৈরি করা হচ্ছে। ফলে একদিকে যেমন আশপাশের আবাদি জমিগুলো ভাঙনের ঝুঁকিতে পড়ছে, অন্যদিকে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আগামী মৌসুমে চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
​সরেজমিনে দেখা যায়, খননস্থল থেকে প্রতিদিন অন্তত ৮ থেকে ১০টি ভারী মাটিবাহী গাড়ি (ট্রাক্টর ও ট্রলি) বিরামহীনভাবে মাটি বহন করছে। এতে করে গ্রামীণ পাকা ও কাঁচা সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাস্তায় মাটি পড়ে সামান্য বৃষ্টিতেই কাদায় পরিণত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে, আর শুকনো সময়ে ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। এছাড়া বেপরোয়া গতিতে মাটিবাহী গাড়ি চলাচলের কারণে যেকোনো সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনার শঙ্কাও তৈরি হয়েছে।
​নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক কৃষক জানান, মাটি খেকোরা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। প্রশাসনের নজরদারি এড়াতে কখনো দিনের বেলায়, আবার কখনো রাতের আঁধারে দ্রুতগতিতে খনন ও মাটি বিক্রির কাজ চালানো হচ্ছে।
​বাংলাদেশ কৃষি জমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন অনুযায়ী, জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত কোনো অবস্থাতেই কৃষি জমির শ্রেণি পরিবর্তন বা পুকুর খনন করা দণ্ডনীয় অপরাধ। অথচ কালীগঞ্জ এলাকায় প্রকাশ্যে এই আইন অমান্য করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
​ফসলি জমি রক্ষা, গ্রামীণ অবকাঠামো বাঁচাতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অবৈধ পুকুর খনন বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল ও ভুক্তভোগী কৃষকরা

2

2