অপরাহ্ণ ০৯:৩৪
মঙ্গলবার
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বেপরোয়া বাসের কেড়ে নিল ভ্যানচালকের প্রাণ: নওগাঁর মান্দায় মর্মান্তিক দুর্ঘটনা, সড়কে তীব্র ক্ষোভ


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৬, ২:২৯ অপরাহ্ন /
বেপরোয়া বাসের কেড়ে নিল ভ্যানচালকের প্রাণ: নওগাঁর মান্দায় মর্মান্তিক দুর্ঘটনা, সড়কে তীব্র ক্ষোভ

স্টাফ রিপোর্টার, সাগর মান্দা (নওগাঁ):
নওগাঁ-রাজশাহী মহাসড়কে বেপরোয়া গতির এক যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে ফারুক হোসেন (৪০) নামে এক ব্যাটারিচালিত চার্জারভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে সড়কজুড়ে চরম উত্তেজনা ও এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে নওগাঁর মান্দা উপজেলার সাবাইহাট এলাকার সিন্দুরপানিয়া ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
​নিহত ফারুক হোসেন পাশের জেলা রাজশাহীর বাগমারা উপজেলার মঙ্গলপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি পেশায় চার্জারভ্যান চালক ছিলেন এবং ভ্যান চালিয়েই চলত তাঁর পরিবারের একমাত্র জীবিকা।
​কীভাবে ঘটল দুর্ঘটনা:
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকালে ফারুক হোসেন তাঁর ব্যাটারিচালিত চার্জারভ্যানটি নিয়ে দৈনিক জীবিকার তাগিদে বের হন। নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট সিন্দুরপানিয়া ব্রিজের ওপর পৌঁছালে রাজশাহী অভিমুখী ‘গীতা পরিবহন’ নামের একটি দ্রুতগামী ও বেপরোয়া যাত্রীবাহী বাস ভ্যানটিকে সজোরে চাপা দেয়। বাসের ভারী চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক ফারুক হোসেনের নিথর দেহ ছিন্নভিন্ন হয়ে পড়ে এবং ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই চালক বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।
​পুলিশের পদক্ষেপ ও আইনি প্রক্রিয়া:
দুর্ঘটনার তীব্রতায় মহাসড়কে তাৎক্ষণিকভাবে যান চলাচলে ব্যাঘাত ঘটে। খবর পেয়ে মান্দা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, “সকালে খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই সঙ্গে ঘাতক বাসটি শনাক্ত ও এর চালক-সহকারীকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।”
​পরিবারে মাতম ও স্থানীয়দের দাবি:
একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে ফারুক হোসেনের পরিবারে এখন শোকের মাতম চলছে। মর্মান্তিক এই খবরের পর নিহতের স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। স্থানীয় এলাকাবাসী ও অন্য চালকরা এই দুর্ঘটনার জন্য বাসের বেপরোয়া গতিকে দায়ী করেছেন। তাঁরা অনতিবিলম্বে ঘাতক বাস ও এর চালককে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

2

2