

নিজস্ব প্রতিনিধ
শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নওগাঁর পোরশা উপজেলার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অভিভাবকদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (বাদ মাগরিব) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ৪৬-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষক হলেন সমাজের আলো। শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নে বিদ্যালয়টির জন্য একটি নতুন ভবন নির্মাণ এবং অভিভাবকদের বসার জন্য সুব্যবস্থা করে দেওয়ার আশু প্রতিশ্রুতি প্রদান করেন।
বিদ্যালয়ের সভাপতি তৌফিকুর রহমান শাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন সুফি শাহ, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য ও তেঁতুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান তৌফিকুর রহমান শাহ চৌধুরী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা শামসি। এ সময় পোরশা উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ সৃষ্টি এবং সার্বিক উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :