পূর্বাহ্ণ ০৮:৩৬
মঙ্গলবার
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী থেকে নেসকোর প্রধান কার্যালয় সরানোর প্রতিবাদে মানববন্ধন


sohel প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৫:১৩ অপরাহ্ন /
রাজশাহী থেকে নেসকোর প্রধান কার্যালয় সরানোর প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেডের প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘রাজশাহীবাসী’ ব্যানারে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন।

রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টায় নগরীর হেতমখাঁ এলাকায় নেসকোর প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের উদ্যোগ অবিলম্বে বাতিল করে রাজশাহীতেই বহাল রাখার দাবি জানান।

বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল হক মিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমরা কোনো ব্যক্তি, গোষ্ঠী বা অঞ্চলের বিরুদ্ধে নই। রাজশাহীর ন্যায্য অধিকার, উন্নয়নের ধারাবাহিকতা এবং নেসকোর মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার দাবিতেই আমরা একত্রিত হয়েছি।’

তিনি আরও বলেন, ‘নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে অন্যত্র স্থানান্তর করা হলে রাজশাহীর প্রশাসনিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্ষুণ্ন হবে। একই সঙ্গে কর্মসংস্থান, আঞ্চলিক উন্নয়ন এবং উত্তরাঞ্চলের বিদ্যুৎসেবায়ও নেতিবাচক প্রভাব পড়তে পারে।’

মামুন অর রশিদ বলেন, ‘রাজশাহীর মানুষ অতিরিক্ত কোনো সুবিধা দাবি করছে না; আমরা শুধু দীর্ঘদিনের অর্জিত অবস্থান ও ন্যায্য অধিকার অক্ষুণ্ন রাখার আবেদন জানাচ্ছি। নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখতে হবে এবং স্থানান্তরের সব উদ্যোগ অবিলম্বে প্রত্যাহার করতে হবে।’

মানববন্ধনে বক্তারা বলেন, নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তর করা হলে রাজশাহীতে কর্মসংস্থান আরও সংকুচিত হবে। ডিজিটাল মিটার চালুর সময় অনেক কর্মী কর্মহীন হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে পর্যাপ্ত শিল্পকারখানা না থাকায় নতুন কর্মসংস্থানের সুযোগও সীমিত। বিদ্যমান প্রতিষ্ঠানগুলো স্থানান্তর করা হলে বেকারত্ব বাড়ার পাশাপাশি সাধারণ মানুষও দুর্ভোগে পড়বেন।

বক্তারা আরও বলেন, নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার দাবি বিবেচনা না করা হলে আগামী দিনে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধন শেষে নেসকোর প্রধান কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় তাঁতি দলের সভাপতি কাজল, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল হক মিলু, মহানগর যুবদলের আহ্বায়ক মজিবুল হক মিলন, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিব, ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিলন হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।