

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজশাহীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেল সাড়ে ৫ টায় জেলা যুবদলের উদ্যোগে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
বানেশ্বর ট্রাফিক মোড় থেকে মিছিলটি বানেশ্বর বাজারের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে বানেশ্বর কলেজ মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে জেলা যুবদলের বিভিন্ন ইউনিট থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীরা অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সেই সাথে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠিন হুশিয়ারি দিয়ে স্লোগান দেন নেতা-কর্মীরা।
উক্ত প্রতিবাদ মিছিল ও সমাবেশে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রফিক আহমেদ ডলার ও মাহমুদুস সালেহীন এবং যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও মোঃ আব্দুল ওয়াহাব উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় নেতারা বলেন, “রাজনীতিতে কোনো ধরনের অপপ্রচার, কুৎসা রটনা ও শিষ্টাচার বহির্ভূত আচরণ মেনে নেওয়া হবে না। একটি গোষ্ঠী রাজনৈতিকভাবে ফায়দা লুটতে নোংরা খেলায় মেতে উঠেছে। এ সময় তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এই ধরনের অপশক্তির বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন। সঞ্চালনায় ছিলেন স্থানীয় যুবদল নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :