

লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে কৃষিজমি ও নদী রক্ষার্থে গভীর রাতে টাস্কফোর্সের এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। উপজেলার পৃথক দুটি স্থানে অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই ব্যক্তিকে মোট ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, অদ্য ৩১ মে রাত আনুমানিক ১ ঘটিকায় লালপুর উপজেলার ঢুষপাড়া নামক স্থানে অবৈধভাবে মাটি কাটার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঘটনার সত্যতা মেলায় অভিযুক্ত ব্যক্তি শামীম (৫০)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এর পরপরই, একই দিন রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় উপজেলার কয়লারডহর এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মো: মাহবুল ইসলাম (৪১) নামের এক ব্যক্তিকে একই আইনে আরও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার কৃষিজমি এবং পদ্মা নদী রক্ষার্থে অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :