অপরাহ্ণ ০৬:৪০
শনিবার
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি


sohel প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৬, ২:৫৬ অপরাহ্ন /
রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাফিজুর রহমান হিরন নামের এক লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার ভোর ৩টার দিকে উপজেলারৌ গোলাকান্দাইল ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা গেছে, ডাকাত দল হাফিজুর রহমান হিরনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৭ লাখ টাকা ও বিদেশী মুদ্রাসহ বিভিন্ন মালামাল লুটে নিয়েছে।

লন্ডন প্রবাসী হাফিজুর রহমান হিরন জানান, তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে প্রবাস জীবন পার করছেন। নাড়ির টানে গত শুক্রবার লন্ডন থেকে দেশে ফিরেছেন। শনিবার ভোর ৩টার দিকে ১২ থেকে ১৫ জনের একদল ডাকাত বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র হাতে নিয়ে হাফিজুর রহমান হিরনের হাত-পা বেঁধে ফেলে। এরপর কোনও প্রকার শব্দ করলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ সময় ঘরে থাকা নগদ ২৭ লাখ টাকা , বিদেশি মুদ্রাসহ ঘরে থাকা মূল্যবান কাপড়-চোপড় ও অন্যান্য মালামাল লুট করে নেয়। ভোর ৪টার দিকে ডাকাতি শেষে ডাকাতরা পালিয়ে যায়।

তিনি জানান, পরে পুলিশের সহযোগিতা চাইতে ৯৯৯ নম্বরে কল করেন। পুলিশ তখন তাকে রূপগঞ্জ থানায় অভিযোগ করার পরামর্শ দেন। পরে তিনি রুপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন।