

আমাদের জন্মভুমি ডেক্স
কলেজছাত্রী ঈশিতা আক্তার তিশা ও বিএনপি নেত্রী নিপা খাতুন।
বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান এসএসসি পরীক্ষায় এক বিএনপি নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছেন এক কলেজছাত্রী। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বগুড়া জিলা স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
আটক হওয়া ওই শিক্ষার্থীর নাম ঈশিতা আক্তার তিশা (১৮)। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বগুড়া শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুনের পরিবর্তে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
পুলিশ ও কেন্দ্র সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টা থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে এসএসসি (দ্বিতীয় বর্ষ) প্রোগ্রামের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হয়। জিলা স্কুল কেন্দ্রের ২০১ নম্বর কক্ষে পরীক্ষার্থী ছিলেন বিএনপি নেত্রী নিপা খাতুন। তবে তার পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে আসেন তার ভাগ্নী কলেজছাত্রী ঈশিতা।
পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শক উত্তরপত্রে সই করার সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার মিল না পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে ওই শিক্ষার্থী নিজের পরিচয় ও অন্যের হয়ে প্রক্সি দেওয়ার কথা স্বীকার করেন। পরে কেন্দ্র কর্তৃপক্ষ তাকে পুলিশে সোপর্দ করে।
থানা হেফাজতে থাকা ঈশিতা জানান, নিপা খাতুন তার খালা হন। সেই আত্মীয়তার সূত্র ধরেই তিনি খালার হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন।
তবে জালিয়াতির বিষয়টি অস্বীকার করে বিএনপি নেত্রী নিপা খাতুন দাবি করেন, আমি পরীক্ষার সময় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম। সামান্য সময়ের জন্য আমার ভাগনিকে কেন্দ্রে বসিয়ে রেখে গিয়েছিলাম। পরীক্ষা মূলত আমিই দিচ্ছিলাম। ভুল-বোঝাবুঝির কারণে এমনটি হয়েছে।
এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, ঈশিতা নামের ওই মেয়েটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট বিভাগ থেকে লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে
আপনার মতামত লিখুন :