

মোঃ মাসুদ স্টাফ রিপোটার
অসহায় পরিবারের আহাজারি, নিরাপত্তাহীনতায় দিন কাটছে ভুক্তভোগীদের
নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের বাগহাটা পশ্চিমপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে ভয়াবহ সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী মোঃ ফারুখ (৩৮) অভিযোগ করে জানান, গত ১৫ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিবেশী মোঃ কাদির হোসেন (৫৫), জজ মিয়া (৩৫), সেনোরা বেগম (৫০), জাকিয়া (৩০), আছিয়া (২৮), স্বপন (৪২), লিমন (২৩) ও আসিফ (১৯)সহ আরও অজ্ঞাতনামা ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়।
তিনি বলেন, “আমরা ভাইয়েরা বাড়িতে ছিলাম না। এই সুযোগে তারা ঘরে থাকা মহিলা ও শিশুদের ভয় দেখিয়ে ঘরে ঢুকে সবকিছু ভাঙচুর করে। আমাদের কোটি টাকার সম্পদ নষ্ট করে দিয়েছে।”
অভিযোগে জানা যায়, হামলাকারীরা দা, কুড়াল ও লাঠি দিয়ে ঘরের দরজা-জানালা, ফ্রিজ, খাট, ওয়্যারড্রোব, ড্রেসিং টেবিল, সোফাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। একই সঙ্গে প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার, নগদ প্রায় ৩ লক্ষ টাকা, মোবাইল ফোন, এলইডি টিভি, সেলাই মেশিনসহ বিপুল পরিমাণ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ভুক্তভোগীদের দাবি, মোট ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকারও বেশি।
সাক্ষাৎকার:
ভুক্তভোগীর স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা খুবই অসহায়। বাচ্চারা অসুস্থ, তাদের নিয়েও খুব কষ্টে আছি। তারা হঠাৎ করে এসে সবকিছু ভেঙে দিল, যা ছিল সব নিয়ে গেছে। এখন আমাদের থাকার মতোও অবস্থা নেই।”
আরেক ভুক্তভোগী খোকন (৩৯) বলেন, “ওরা আগে থেকেই আমাদের হুমকি দিত। আমরা অনেকবার মীমাংসার চেষ্টা করেছি, কিন্তু তারা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে।”
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কেউ ভয়ে এগিয়ে আসতে পারেনি।
ভুক্তভোগীরা জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। পাশাপাশি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন :