[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

‎মোহনপুর মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি মুসল্লিদের


sohel প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ৯:৩৩ পূর্বাহ্ন / ০
‎মোহনপুর মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি মুসল্লিদের

স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম
‎রাজশাহীর মোহনপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে (সাঁকোয়া) ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। নিয়োগের আগে সংশ্লিষ্ট প্রার্থীর যোগ্যতা, ধর্মীয় জ্ঞান, পেশাগত দক্ষতা, পূর্ববর্তী কর্মস্থলে দায়িত্ব পালন ও আচরণ নিরপেক্ষভাবে যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয় মুসল্লি ও সচেতন এলাকাবাসী। এ দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন।
‎
‎আবেদনে উল্লেখ করা হয়, মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লিদের মধ্যে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থী পূর্ববর্তী কর্মস্থলে দায়িত্ব পালনকালে মুসল্লিদের অসন্তোষ ও নানা অভিযোগের মুখে পড়েছিলেন।  এসব অভিযোগের কারণে সেখানে তাঁর দায়িত্ব পালন ও নামাজ পড়ানো নিয়ে বিরূপ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।
‎
‎স্থানীয় মুসল্লিদের ভাষ্য, মডেল মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; ধর্মীয় শিক্ষা, নৈতিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও ইসলামী মূল্যবোধ চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই এ প্রতিষ্ঠানে ইমাম নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর ধর্মীয় জ্ঞান, যোগ্যতা, চরিত্র, পেশাগত দক্ষতা, পূর্ববর্তী কর্মস্থলের রেকর্ড এবং স্থানীয় মুসল্লিদের কাছে গ্রহণযোগ্যতা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
‎
‎মুসল্লিদের অভিযোগ, মুফতি উবায়দুল্লাহ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পবা উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইমাম হিসেবে নিয়োগ পান। ২০২৪ সালের ৫ আগস্টের পর সেখানে দায়িত্ব পালনকালে তিনি মুসল্লিদের অসন্তোষ ও আপত্তির মুখে পড়েন। একপর্যায়ে মুসল্লিরা তাঁকে আর কোনো ওয়াক্তের নামাজ পড়াতে দেননি।  বর্তমানে তিনি মোহনপুর মডেল মসজিদে ইমাম হিসেবে নিয়োগ পেতে চেষ্টা করছেন বলেও তাঁদের অভিযোগ।
‎
‎কেশরহাট পৌরসভার সাঁকোয়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়ক সংলগ্ন মসজিদটি নির্মিত হওয়ায় স্থানীয় মুসল্লিরা শুরু থেকেই আশাবাদী ছিলেন। তবে প্রস্তাবিত ইমাম নিয়োগ নিয়ে তাঁদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মুসল্লিরা বলেন, “আমরা এখানে বিতর্কিত কোনো ইমাম চাই না। ধর্মীয় জ্ঞানসম্পন্ন, যোগ্য, হাফেজ, পেশাগত দক্ষতা এবং পূর্ববর্তী কর্মস্থলে ভালো রেকর্ড রয়েছে—এমন একজন ইমাম চাই, যিনি স্থানীয় মুসল্লিদের আস্থা অর্জন করতে পারবেন।
‎
‎তাঁদের দাবি, নিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়া না করে প্রয়োজনে সময় নেওয়া হোক। প্রার্থীর অতীত কর্মস্থলের অভিযোগ যাচাই, যোগ্যতা ও আচরণ পর্যালোচনা এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের মতামত বিবেচনা করে নিরপেক্ষ কাউকে নিয়োগ দেওয়া হোক। অন্যথায় পবা উপজেলার মতো এখানেও নিয়োগ নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
‎এদিকে, মসজিদটির নির্মাণকাজ অসম্পূর্ণ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন মুসল্লিরা। তাঁদের অভিযোগ, ঠিকাদারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শৌচাগার ও অজুর পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মহাসড়কসংলগ্ন এ মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রয়োজনীয় সুবিধা না থাকায় অনেকেই সময়মতো নামাজ আদায় করতে সমস্যায় পড়ছেন।
‎এ বিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার বলেন, মুসল্লিদের অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের ভিত্তিতে ইমাম নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎স্থানীয় মুসল্লিদের প্রত্যাশা, অভিযোগগুলো নিরপেক্ষভাবে যাচাই করে যোগ্য ও গ্রহণযোগ্য ইমাম নিয়োগের পাশাপাশি মসজিদের অসম্পূর্ণ নির্মাণকাজ দ্রুত শেষ করে নামাজ আদায়ের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
‎

2

2