
নিজস্ব প্রতিবেদক,নিয়ামতপুর (নওগাঁ):
নওগাঁর নিয়ামতপুরে সরকারি খাসজমির দখল নিয়ে বিরোধের জেরে তিন ভাইয়ের টিনের বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় কোনো বৈধ সরকারি বন্দোবস্ত ছাড়াই খাসজমি অন্য ব্যক্তির কাছে বিক্রি ও হস্তান্তরের চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
গত মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকালে উপজেলার বিদিরপুর এলাকায় এই ভাঙচুরের ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমিটি ১ নম্বর সরকারি খাস খতিয়ানের ৪৬ নম্বর দাগভুক্ত (মোট ৪৯ শতক)। প্রধান অভিযুক্ত জিয়ারুল ইসলামের নামে জমির অনুকূলে কোনো সরকারি বন্দোবস্ত বা বৈধ কাগজপত্রের অস্তিত্ব মেলেনি।
স্থানীয়দের ভাষ্য, প্রায় ৫০-৬০ বছর আগে জসীম উদ্দিন নামের এক ব্যক্তি ওই খাসজমিতে বসতি স্থাপন করেছিলেন। তাঁর মৃত্যুর পর জসীমের বড় ছেলে এনামুলের তিন ছেলে—হেলাল, বেলাল ও মানিক সেখানে বসবাস শুরু করেন। তাঁদের অভিযোগ, মানবিক কারণে জিয়ারুল ইসলামকে সেখানে থাকার সুযোগ দেওয়া হলেও এখন তিনি জমিটি নিজের দাবি করছেন।
ভুক্তভোগীদের আরও অভিযোগ, জিয়ারুল ইসলাম ওই জমির প্রায় ১৫ কাঠা খাসজমি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরপাকা গ্রামের কমেলা, মুনতাহা ও সহিদুলের কাছে বিক্রি বা হস্তান্তর করেছেন। সম্প্রতি হেলাল ও বেলাল ঘর নির্মাণের চেষ্টা করলে জিয়ারুল ও তাঁর সহযোগীরা হামলা চালিয়ে তিন ভাইয়ের টিনের বসতঘর ভাঙচুর করেন।
সরকারি খাসজমি বেআইনিভাবে দখল, বিক্রি ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :