
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ওয়ান হেলথ দিবস-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য সুরক্ষা এবং জুনোটিক রোগ প্রতিরোধে আন্তবিভাগীয় সমন্বয় জোরদার করতে উপজেলা পর্যায়ে ওয়ান হেলথ কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের বাস্তবায়নে পরিচালিত বিডি বিফ অ্যান্ড গোট ভ্যালু চেইন সিগনেচার প্রোগ্রামের (বিডি-১৬ প্রকল্প) আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। বনপাড়া, বড়াইগ্রামে আমরা স্বাধীন মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ নূরে আলম সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন প্রামাণিক,
উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশল মোঃ সৈকত হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমবায় সমিতির সদস্য, খামারি ও প্রকল্পের বিভিন্ন অংশীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডি-১৬ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. আরিফ হোসেন। অনুষ্ঠানে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মসূচি কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ওয়ান হেলথের ধারণা ও গুরুত্ব, বাংলাদেশের প্রেক্ষাপটে এর প্রয়োজনীয়তা, বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থার ভূমিকা এবং উপজেলা পর্যায়ে ওয়ান হেলথ কমিটি গঠনের উদ্দেশ্য ও কার্যপরিধি তুলে ধরেন।
আলোচনা সভায় জুনোটিক রোগের ঝুঁকি শনাক্তকরণ, দ্রুত তথ্য আদান-প্রদান ও রোগের তথ্য রিপোর্টিং, জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। মানুষের স্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।
আপনার মতামত লিখুন :