অপরাহ্ণ ১২:২৫
বৃহস্পতিবার
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর


sohel প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন / ০
​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর
শুনুন বাংলায় Ready

মোঃ সোহেল রানা, রাজশাহী প্রতিনিধি:
​অসুস্থ হয়ে পড়া ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজশাহীর শাহমখদুম বিমানবন্দর থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (প্রাক্তন পিজি) হাসপাতালে তার চিকিৎসা চলবে।
​এর আগে সকাল সাভে ৭টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এম্বুলেন্সযোগে বিমানবন্দরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সে সময় পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইবনুল আবেদীনসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
​ভূমিমন্ত্রীর শারীরিক পরিস্থিতির বিষয়ে সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন জানান, “ভূমিমন্ত্রী কয়েক দিন আগে চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর দেওয়া ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বা ব্যবহারের ত্রুটির কারণে সম্ভবত তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যায়। ফলে তাকে বাইরে থেকে রক্ত দিতে হচ্ছিল।”
​তিনি আরও জানান, “গত পরশু মাননীয় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে অসুস্থতা সত্ত্বেও ভূমিমন্ত্রীকে সেখানে উপস্থিত থাকতে হয়েছিল। অতিরিক্ত শারীরিক পরিশ্রমের কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।”
​এ বিষয়ে ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন জানান, মন্ত্রী মহোদয়কে ঢাকায় পিজি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রক্রিয়া শুরু হবে।
​উল্লেখ্য, গতকাল বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলছিল এবং রক্তশূন্যতা রোধে একাধিক ব্যাগ রক্ত প্রদান করা হয়।
​ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে গতকাল বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক প্রতিনিধি এবং চিকিৎসকরা তাকে দেখতে হাসপাতালে ভিড় জমান। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এবং তার দলের পক্ষ থেকে পরিবারের সদস্যরা তার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

2

2