পূর্বাহ্ণ ০৮:২৮
শনিবার
২৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রণগোয়ালে পানিসংকটে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধান চান এলাকাবাসী


sohel প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৬, ৬:৪২ অপরাহ্ন / ০
রণগোয়ালে পানিসংকটে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধান চান এলাকাবাসী
শুনুন বাংলায় Ready

জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, চাঁদপুর
পৌরসভার পানি সরবরাহ বন্ধ, নদী-পুকুরের দূষিত পানি ব্যবহারে বাধ্য শত শত পরিবার
আধুনিক যুগেও বিশুদ্ধ পানির তীব্র সংকটে চরম দুর্ভোগ পোহাচ্ছেন চাঁদপুর পৌরসভার পুরানবাজার পশ্চিম জাফরাবাদ ২ নম্বর ওয়ার্ডের রণগোয়াল এলাকার বাসিন্দারা। টানা ৬ থেকে ৭ দিন ধরে পৌরসভার সরবরাহ করা পানি বন্ধ থাকায় রান্নাবান্না, গোসলসহ নিত্যপ্রয়োজনীয় কাজ ব্যাহত হচ্ছে শত শত পরিবারের। পানির অভাবে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি।
স্থানীয় বিএনপি নেতা শাহজাহান গাজীর বাড়িসংলগ্ন এলাকায় দেখা দিয়েছে এ ভয়াবহ পানিসংকট। এলাকাবাসীর অভিযোগ, দিনের পর দিন পানি সরবরাহ বন্ধ থাকলেও সংকট নিরসনে কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। ফলে নিরুপায় হয়ে অনেক পরিবার নদী ও পুকুরের পানি সংগ্রহ করে দৈনন্দিন কাজে ব্যবহার করছেন। এমনকি বিশুদ্ধ পানির অভাবে কেউ কেউ সেই পানি পান করতেও বাধ্য হচ্ছেন।
এতে ডায়রিয়া, জন্ডিসসহ বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের নিয়ে বাড়তি উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা। নিরাপদ পানির মতো মৌলিক প্রয়োজন থেকে বঞ্চিত হয়ে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।
স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন—একটি পৌর এলাকায় টানা সাত দিন পানি সরবরাহ বন্ধ থাকলেও কেন দ্রুত সমস্যার সমাধান হচ্ছে না? বিশুদ্ধ পানির সংকটে সাধারণ মানুষকে আর কত দিন দুর্ভোগ পোহাতে হবে?
ভুক্তভোগী এলাকাবাসীর জোর দাবি, জনস্বাস্থ্য ও নাগরিক দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে চাঁদপুর পৌর কর্তৃপক্ষ যেন দ্রুত পানির সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেয়। পাশাপাশি সংকটের প্রকৃত কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপে রণগোয়ালবাসী আবারও নিরাপদ ও বিশুদ্ধ পানি পাওয়ার সুযোগ ফিরে পাবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের।

2

2