পূর্বাহ্ণ ০৫:১৭
সোমবার
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন / ০
টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩
শুনুন বাংলায় Ready

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় ইজিবাইকে করে অস্ত্র ও বিস্ফোরক পরিবহনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লেদা বাজার এলাকায় টহল দল অবস্থান নেয়। এ সময় তিনজনকে নিয়ে একটি ইজিবাইক সন্দেহজনকভাবে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সেটিকে থামানো হয়। মেটাল ডিটেক্টরের সাহায্যে ইজিবাইকে থাকা বস্তার ভেতর ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত করা হয়। পরে ইজিবাইকসহ তিনজনকে লেদা বিজিবি ফাঁড়িতে নিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় আলুর বস্তার ভেতর থেকে দুটি জি-৩ রাইফেল, দুটি দেশীয় একনলা বন্দুক, ৪২টি গুলি, তিনটি টেজার, ছয়টি ওয়াকিটকি, একটি ম্যাগাজিন ও চার কেজি বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়। এ ছাড়া ২৫টি জর্দার কৌটা, ২৫টি লাল স্কচটেপ, একটি ইজিবাইক, দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুতুপালং ১ নম্বর এফডিএমএন ক্যাম্পের রূবালীর ছেলে মো. উসমান বেলাল, ২৬ নম্বর মোচনি এফডিএমএন ক্যাম্পের ফয়েজ আহমদের ছেলে মো. মুসলিম এবং কুতুপালং ১ নম্বর এফডিএমএন ক্যাম্পের ইউনুছের ছেলে মো. আনসার আলী।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র ও বিস্ফোরকদ্রব্যের চোরাচালানসহ সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

2

2