

নিজেস্ব প্রতিবেদক সাগর,
প্রায় এক একর জমির ৪৫০ গাছের মধ্যে ৩০০টি কেটে ফেলায় ব্যাপক ক্ষতির মুখে বাগান মালিক।
নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের মিছরা এলাকায় রাতের আঁধারে একটি আমবাগানে ঢুকে প্রায় ৩০০টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে বাগান মালিক মো. আইয়ুব আলী ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ঘটনাটি গত ১৯ আগস্ট রাতে ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাঙ্গুরিয়া ইউনিয়নের মিছরা এলাকায় মো. আইয়ুব আলীর প্রায় এক একর জমি রয়েছে। ওই জমিতে প্রায় তিন মাস আগে বারি-৪ জাতের ৪৫০টি আমগাছের চারা রোপণ করেন তিনি। নিয়মিত পরিচর্যায় গাছগুলো যখন ধীরে ধীরে বেড়ে উঠছিল, ঠিক তখনই রাতের আঁধারে দুর্বৃত্তরা বাগানে ঢুকে প্রায় ৩০০টি আমগাছ কেটে ফেলে।
পরদিন সকালে জমিতে গিয়ে গাছ কাটা অবস্থায় দেখতে পান বাগানের মালিক মো. আইয়ুব আলী। একসঙ্গে বিপুলসংখ্যক গাছ কেটে ফেলার ঘটনায় তিনি হতবাক হয়ে পড়েন। এতে তার আর্থিক ক্ষতির পাশাপাশি দীর্ঘদিনের শ্রম ও স্বপ্নও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
ক্ষতিগ্রস্ত বাগান মালিক মো. আইয়ুব আলী জানান, মাত্র তিন মাস আগে তিনি বাগানে আমগাছের চারা রোপণ করেছিলেন। গাছগুলো বড় হয়ে ভবিষ্যতে ভালো ফলন দেওয়ার আশা ছিল। কিন্তু রাতের আঁধারে কে বা কারা তার বাগানে ঢুকে প্রায় ৩০০টি গাছ কেটে দিয়েছে, তা তিনি জানেন না। এ ঘটনায় তিনি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতা, ব্যক্তিগত বিরোধ কিংবা অন্য কোনো কারণে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জমির মালিক মো. আইয়ুব আলী ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারাও দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের মতে, একজন কৃষকের বাগানের শত শত গাছ কেটে ফেলা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এ ধরনের ঘটনা কৃষকদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও আইনগত পদক্ষেপের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে—এমন প্রত্যাশা করছেন ক্ষতিগ্রস্ত বাগান মালিক ও স্থানীয়রা
আপনার মতামত লিখুন :