[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

পুকুর গিলে খাচ্ছে পাকা রাস্তা, চরম দুর্ভোগ : দ্রুত সংস্কারের দাবী


sohel প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ১২:১২ অপরাহ্ন /
পুকুর গিলে খাচ্ছে পাকা রাস্তা, চরম দুর্ভোগ : দ্রুত সংস্কারের দাবী

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গা থানার তাড়াশ-সলঙ্গা সড়কের সংযোগকারী জোড়পুকুর বাজার-ধুবিল আমতলা পাকা সড়কের আমশড়া অংশে সড়ক ধসে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। অপরিকল্পিতভাবে পাড়বিহীন পুকুর খননের কারণে আষাঢ়ের টানা বর্ষণে সড়কের একাংশ পুকুরে বিলীন হয়ে যাওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থী, পথচারী,ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয়দের অভিযোগ,আমশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে আব্দুর রাজ্জাকের বাড়ি থেকে শামসুল হক (তারা মাস্টার) এর বাড়ি পর্যন্ত সরোয়ার,খালেক,মালেক ও তারা মাস্টারগংয়েরা দীর্ঘদিন ধরে রাস্তার পাশ ঘেঁষে পাড় ছাড়াই পুকুর খনন করে মাছ চাষ করছেন।ফলে আষাঢ়ের প্রবল বর্ষণে সড়ক ধসে পড়েছে।
এ অবস্থায় সিএনজি,অটোরিকশা, ভ্যান ও রিকশাসহ ছোট যানবাহন চলাচলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।অসুস্থ রোগী পরিবহনেও দেখা দিয়েছে চরম ভোগান্তি।স্থানীয়রা জানান, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত সড়ক সংস্কার ও অবৈধভাবে পুকুর খননকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মানববন্ধনের কর্মসূচি দেয়ার হুশিয়ারি দিয়েছেন তারা।
রায়গঞ্জ উপজেলা উপ-সহকারী প্রকৌশলী জানান,রাস্তার পাশ থেকে অন্তত ১০ ফুট দূরে পাড় রেখে পুকুর খনন করতে হবে। নিয়ম লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুকুর মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবী,দ্রুত সড়কটি সংস্কার করে নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা হোক।

Bangla Photocard Generatorv3.7