

নওগাঁ জেলা প্রতিনি
নওগাঁ ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে কথিত ডেভিলস ব্রেথ’ বা ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত একটি প্রতারণা চক্র। বিশেষ ধরনের রাসায়নিক ব্যবহার করে মানুষের মানসিক নিয়ন্ত্রণ নিয়ে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চক্রটির বিরুদ্ধে।
সম্প্রতি বয়স্ক নারীদের টার্গেট করে সংঘটিত একাধিক প্রতারণার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন সদস্যকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার বিকেলে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার আবু হাসান, বাবু ও সবুজ।
পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে নওগাঁ শহরের বিভিন্ন এলাকায় বয়স্ক নারীদের লক্ষ্য করে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। অভিযোগ রয়েছে, চক্রের সদস্যরা বিশেষ ধরনের রাসায়নিক ব্যবহার করে ভুক্তভোগীদের বিভ্রান্ত ও অস্বাভাবিক অবস্থায় ফেলে তাদের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী হাতিয়ে নিত।
পুলিশের ভাষ্যমতে, চক্রের সদস্যরা সাধারণত নির্জন স্থান বা কম জনসমাগমপূর্ণ এলাকায় বয়স্ক নারীদের টার্গেট করত। কখনো কাগজ, বিজনেস কার্ড বা অন্য কোনো বস্তু ধরিয়ে দিয়ে, আবার কখনো কথোপকথনের মাধ্যমে তাদের কাছে পৌঁছাত। এরপর ভুক্তভোগীরা এক ধরনের অস্বাভাবিক আচরণ করতে শুরু করতেন এবং স্বেচ্ছায় নিজেদের মূল্যবান জিনিসপত্র প্রতারকদের হাতে তুলে দিতেন বলে অভিযোগ পাওয়া গেছে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বিভিন্ন অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত কিছু আলামতও উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।” তিনি আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো বস্তু গ্রহণ না করা এবং সন্দেহজনক আচরণ দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পরামর্শ দেন তিনি। এদিকে ‘ডেভিলস ব্রেথ’ বা ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত রাসায়নিকের কার্যকারিতা ও এ ধরনের অপরাধের প্রকৃত ধরন নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অপরাধীরা নানা কৌশলে মানুষের অসতর্কতার সুযোগ নিয়ে প্রতারণা করছে। তাই যেকোনো পরিস্থিতিতে সতর্ক থাকা এবং অপরিচিত ব্যক্তির কাছ থেকে খাবার, কাগজ বা অন্য কোনো বস্তু গ্রহণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন
আপনার মতামত লিখুন :