

জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় রাতের আঁধারে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।
সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় শুধু একটি ভবন নয়, এটি মহান মুক্তিযুদ্ধের চেতনা, বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ এবং স্বাধীনতার ইতিহাসের প্রতীক। এ ধরনের ন্যাক্কারজনক হামলা ও লুটপাটের ঘটনা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত ভাঙচুর ও লুটপাটকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে দেশের কোথাও যেন মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠান ও স্থাপনার ওপর এ ধরনের হামলার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আপনার মতামত লিখুন :