

(নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে রাতের আঁধারে এক কৃষকের পেঁপে বাগানের প্রায় ৯০০টি ফলন্ত গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ধারদেনা ও ঋণ নিয়ে গড়ে তোলা বাগান হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব ও দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পদ্মাচরের নওসারা সুলতানপুর এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন ওই এলাকার মোঃ নাজিম উদ্দীনের দুই ছেলে মোঃ সুজন আলী ও মোঃ নাজমুল আলী।বুধবার (১০ জুন) সকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মাঠজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে ফলসহ কেটে ফেলা থোকা থোকা পেঁপে গাছ। আর মাত্র কিছুদিন পরেই এসব পেঁপে বাজারে বিক্রি করার উপযোগী হয়ে উঠত। কিন্তু তার আগেই দুর্বৃত্তদের হানা কৃষকের সব স্বপ্ন চুরমার করে দিয়েছে।ক্ষতিগ্রস্ত কৃষকের বড় ভাই রায়হান আলী ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে বলেন, “ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং বিভিন্ন জায়গা থেকে ধারদেনা করে অন্যের জমি বর্গা নিয়ে এই পেঁপে বাগানটি গড়ে তোলা হয়েছিল। দুর্বৃত্তরা রাতের আঁধারে সব গাছ কেটে দিয়ে আমাদের আয়ের একমাত্র উৎসটি ধ্বংস করে দিয়েছে। আমরা এখন একেবারে নিঃস্ব ও দিশেহারা হয়ে পড়েছি।”এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় এক কৃষক বলেন, “মানুষের সঙ্গে মানুষের বিরোধ থাকতে পারে, কিন্তু গাছের সঙ্গে শত্রুতা কেন? যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই। যাতে ভবিষ্যতে আর কোনো কৃষককে এভাবে কাঁদতে না হয়।”এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, “এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ইতিমধ্যেই আমাদের পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আপনার মতামত লিখুন :