

আমাদের জন্মভুমি ডেক্স
রাজশাহী মহানগরীর হড়গ্রাম মুন্সিপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা মরহুম আলহাজ্ব শহীদ আলমের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর তাঁর নিজ বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মরহুম আলহাজ্ব শহীদ আলম ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং কাশিয়াডাঙ্গা থানা বিএনপির অন্যতম সদস্য হিসেবে দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু (এমপি)। এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ মামুন, সহসভাপতি আসলাম সরকার ও ওয়ালিউল হক রানা, কাশিয়াডাংগা থানা বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, রাবি ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান আহমেদ রাহি, রাজপাড়া থানা যুবদলের সাবেক সভাপতি শাহিনুল হক মিঠু, ১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা টিংকু অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুম আলহাজ্ব শহীদ আলমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বক্তারা বলেন, শহীদ আলম ছিলেন একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে দলীয় কার্যক্রমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে সামাজিক কর্মকাণ্ডেও তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব।
নেতৃবৃন্দ তাঁর রাজনৈতিক জীবন, সামাজিক অবদান এবং ব্যক্তিগত গুণাবলির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদ আলমের মৃত্যুতে বিএনপি একজন নিবেদিতপ্রাণ কর্মীকে হারিয়েছে এবং এলাকার মানুষ হারিয়েছে একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি নেতাকর্মী, শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। অনুষ্ঠানের শেষে তাবারুক বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :