পূর্বাহ্ণ ০৯:৫৪
শুক্রবার
৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিনে মুক্ত


sohel প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৬, ৯:২৪ অপরাহ্ন /
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিনে মুক্ত

আমাদের জন্মভুমি ডেস্ক:
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে জানিয়েছেন সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার জানান, মুক্তির পর তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে জুলাই আন্দোলনের সময় দায়ের হওয়া আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গত ৭ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়। পাঁচ দিনের মাথায় জামিনে মুক্তি পেলেন তিনি।
২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি প্রকাশ্যে খুব একটা সক্রিয় ছিলেন না। সর্বশেষ ৭ এপ্রিল ভোরে ধানমন্ডির ৮/এ রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তারের দিন তার বিরুদ্ধে দুই দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। তবে আদালত উভয় আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনের সময় সশস্ত্র হামলায় আশরাফুল ওরফে ফাহিম গুরুতর আহত হন; তার চোখে গুলি লাগে। এ ঘটনায় গত বছরের ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১১৫-১২০ জনকে আসামি করে মামলা করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পরদিনই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদ ভেঙে দেন।
সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে গেলেও স্পিকারের পদ সঙ্গে সঙ্গে শূন্য হয় না; নতুন স্পিকার দায়িত্ব নেওয়া পর্যন্ত তিনি দায়িত্বে থাকার কথা। তবে সেই সময়ের অপেক্ষা না করে ২৭ দিনের মাথায় ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী।
উল্লেখ্য, ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের মাধ্যমে সংসদ সদস্য হিসেবে রাজনীতিতে আসেন তিনি এবং পরবর্তীতে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন