

নিজস্ব সংবাদদাতা
রাজশাহীতে চলচ্চিত্রের ‘গল্পের খোঁজে’ শীর্ষক এক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরের চৌদ্দপাই এলাকায় ম্যাজিক লণ্ঠন স্কুলের উদ্যোগে এ আড্ডার আয়োজন করা হয়। এটি ম্যাজিক লণ্ঠন স্কুলের প্রথম আনুষ্ঠানিক কার্যক্রম।
স্কুল প্রাঙ্গনে আয়োজিত এই আড্ডায় রাজশাহীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি চলচ্চিত্রনির্মাতা ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিসহ প্রায় ৪০ জন অংশ নেন।
আড্ডায় ‘চলচ্চিত্রে গল্পের খোঁজ’ বিষয়ে আলোচনা করেন প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক ও সাহিত্যিক আবুল কালাম মুহম্মদ আজাদ। তিনি গল্প খোঁজার প্রক্রিয়া, গল্প নির্মাণ এবং লেখালেখির অভিজ্ঞতা তুলে ধরেন।
আলোচনায় তিনি বলেন, যেখানে যান সেখানেই তিনি গল্প শোনার চেষ্টা করেন। নানা গল্পের ভিড় থেকে যে গল্পটি তাঁর মন ছুঁয়ে যায়, সেটিই তিনি লেখায় তুলে আনেন। নিজের আলোচিত প্রতিবেদনগুলোর পেছনের গল্পগুলো কীভাবে সংগ্রহ করেছেন, সে অভিজ্ঞতার কথাও তিনি অংশগ্রহণকারীদের সঙ্গে ভাগ করে নেন।
চলচ্চিত্র নির্মাণে গল্পের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, চলচ্চিত্রকারদের জন্য গল্প অপরিহার্য। সাধারণভাবে পাওয়া গল্পগুলোকে নানা মাত্রা ও গভীরতা যোগ করে যখন চলচ্চিত্রে রূপ দেওয়া হয়, তখন তা বড় পরিসরের এক শিল্পকর্মে পরিণত হয়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, রাজশাহীতে এই স্কুলটি হয়তো গল্প খোঁজার পদ্ধতি ও গল্পকে চলচ্চিত্রের মতো শিল্পমাধ্যমে রূপান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা রাজশাহীর জন্য একটি বড় অর্জন।
আড্ডায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন। তাঁরা রাজশাহীতে চলচ্চিত্রবিষয়ক এই স্কুলের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন।
শুরুতে ম্যাজিক লণ্ঠনের সহযোগী সম্পাদক ইব্রাহীম খলিলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ম্যাজিক লণ্ঠন স্কুলের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। তিনি বলেন, এই আড্ডার মধ্য দিয়ে চলচ্চিত্রে আগ্রহী মানুষের পদচারণা শুরু হলো। চলচ্চিত্রের জন্য ভালো গল্প অপরিহার্য, সেই গল্পের খোঁজেই আজকের এই আয়োজন।
তিনি আরও জানান, পরবর্তী আড্ডাগুলোতে গল্প কীভাবে বিস্তৃত হয়, গল্প থেকে চলচ্চিত্রে রূপান্তরের প্রক্রিয়া এবং চলচ্চিত্রে ব্যবহৃত বিভিন্ন ইমেজের ব্যাখ্যা নিয়ে আলোচনা করা হবে। এরপর ধাপে ধাপে স্কুলটি আনুষ্ঠানিক চলচ্চিত্র শিক্ষার কার্যক্রমে অগ্রসর হবে।
আয়োজক সূত্র জানায়, সিনেমা ও নিউ-মিডিয়া বিষয়ক ষান্মাসিক জার্নাল ‘ম্যাজিক লণ্ঠন’ যাত্রা শুরু করে ২০১১ সালের ৫ ফেব্রুয়ারি। দীর্ঘ প্রায় এক যুগের পথচলার পর জার্নালটি এবার স্কুল কার্যক্রমের দিকে এগিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে চলচ্চিত্রবিষয়ক আড্ডার এই আয়োজন শুরু হয়েছে
আপনার মতামত লিখুন :