
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলায় কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খননের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। উপজেলার কালিগঞ্জ মাসিন্দা গ্রামে পরিচালিত এ অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকেভেটর (ভেকু) মেশিন ভাঙচুর করে অকেজো করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালিগঞ্জ মাসিন্দা গ্রামে প্রশাসনের অনুমতি ছাড়াই ফসলি জমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে পুকুর খনন করছিলেন একদল অসাধু ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমা খান।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পুকুর খননের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। পরে জনস্বার্থে ও কৃষিজমি রক্ষায় ঘটনাস্থলে থাকা এক্সকেভেটর মেশিনটি ভাঙচুর করে বিকল করে দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাইমা খান জানান, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :