
প্রফুল্ল হাওয়ালদার ক্রাইম রিপোর্টার
রাজশাহীর তানোরে চোরাপথে অবৈধভাবে বিপুল পরিমাণ সার এনে মজুদ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তবে অপরাধ প্রমাণিত হওয়া সত্ত্বেও বড় অঙ্কের সার জব্দ না করে নামমাত্র জরিমানা করায় স্থানীয় কৃষকদের মাঝে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণ:
বৃহস্পতিবার সকালে উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) বাখের মোড় লবিতলা ব্রিজ সংলগ্ন নির্মাণাধীন মেসার্স ‘রহমান এগ্রো কোল্ড স্টোর’-এর সামনে এই অভিযান চালানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী তৌড়িয়া, কেশরহাট, দেলুয়াবাড়ি ও নিয়ামতপুর উপজেলা থেকে রাতের আঁধারে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সার এনে এই কোল্ড স্টোরের একটি টিনের ঘরে মজুদ করছিলেন কোল্ড স্টোরের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুল হালিম। বৃহস্পতিবার সকালে পুনরায় চোরাপথে গাড়িযোগে সার আনার সময় স্থানীয় কৃষকরা গাড়িগুলো আটক করে প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শিব শংকর বসাক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ১২(১) ধারা লঙ্ঘন ও ১১(৩) ধারা মোতাবেক ডিজিএম আব্দুল হালিমকে (পিতা: রবিউল হাসান শেখ, সাং: নওহাটা পৌর এলাকা, পবা) মাত্র ২০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া তানোর পৌরসভার রায়তান আকচা গ্রামের রিপন আলীকে ৩ হাজার টাকা এবং হাসান শেখকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে জব্দ সারের ভিডিও ধারণ করায় স্থানীয় সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন স্টোরের লোকজন।
কৃষকদের ক্ষোভ ও দ্বিমুখী নীতির অভিযোগ:
ভ্রাম্যমাণ আদালতে অপরাধ প্রমাণিত হওয়ার পরও অবৈধভাবে মজুদ সার জব্দ কিংবা সরকারের নিয়মে কৃষকদের মাঝে বিক্রির ব্যবস্থা না করায় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক জানান, গত মঙ্গলবার বিকেলে মাদারিপুর বাজারের বিএডিসি সার ডিলার এমদাদুল হক রোকনের ছেলেকে মেমো ছাড়া মাত্র ৩ বস্তা সার বিক্রির অপরাধে ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পিতা-পুত্রকে ৬০ হাজার টাকা জরিমানা করেছিলেন। এছাড়া তলন্দ বাজারে অবৈধ সার মজুদের দায়ে বাদল নামের এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা করাসহ সারগুলো জব্দ করা হয়েছিল।
কৃষকদের অভিযোগ, সাধারণ ব্যবসায়ীদের বেলায় বড় অঙ্কের জরিমানা ও সার জব্দ করা হলেও, ডিজিএম হালিম প্রায় ২৮০ বস্তা অবৈধ সার মজুদ করেও মাত্র ২০ হাজার টাকা জরিমানা দিয়ে পার পেয়ে গেছেন। জব্দ করা সারগুলোও পুনরায় বৈধতা দিয়ে সেখানেই রেখে দেওয়া হয়েছে। প্রশাসনের এমন দ্বিমুখী আচরণে তারা চরম বিব্রত ও ক্ষুব্ধ বলে জানান।
সংশ্লিষ্টদের বক্তব্য:
অভিযোগের বিষয়ে ডিজিএম আব্দুল হালিমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “উপজেলার চাহিদামতো সার পাওয়া যাচ্ছে না। সার ছাড়া আলু চাষ কীভাবে হবে? তাই বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে সার আনা হয়েছে। জরিমানার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না, এখন ব্যস্ত আছি।”
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ বলেন, “আমি ঘটনাস্থলে ছিলাম না, তবে সার মজুরের কারণে জরিমানা হয়েছে বলে শুনেছি। বাইরে থেকে এভাবে এনে মজুদ করার কোনো নিয়ম নেই। তবে সরকারি বরাদ্দ অপ্রতুল হওয়ায় বাইরে থেকে সার না এনে আলু চাষ ব্যাহত হবে।” জরিমানা কম হওয়া ও সার জব্দ না করার বিষয়ে তিনি ইউএনও-র সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদিমা খানিমের সঙ্গে যোগাযোগ করা হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে কল করা হলে তিনি ফোন রিসিভ করে ‘হ্যালো, হ্যালো’ বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং এরপর আর ফোন ধরেননি।
আপনার মতামত লিখুন :