
নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামে ১০ হাজার ইয়াবা বড়িসহ হাসিবুর রহমান (৩৯) নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের হার্ডজিপ গাড়িও জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা পৌনে দুইটার দিকে নগরের কর্ণফুলী থানার শিকলবাহা চরফরিদ এলাকায় ফসিল সিএনজি ফিলিং স্টেশনের পাশে সৈয়দ স্টোরের সামনে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার হাসিবুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশের (বন্দর) একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (বন্দর) বিভাগের পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী। তল্লাশিকালে হাসিবুর রহমানের হেফাজত থেকে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত ‘ঢাকা-মেট্রো-ঘ ১৮-১৩১৭’ নম্বরের কালো রঙের হার্ডজিপ গাড়িটি জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার হাসিবুর রহমানের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :