অপরাহ্ণ ১০:১২
মঙ্গলবার
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি খরচে দরিদ্রের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান


sohel প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৬, ১২:০২ অপরাহ্ন /
সরকারি খরচে দরিদ্রের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান

মোঃ রাজু আহমেদ স্টাফ রিপোর্টার

সরকারি খরচে দরিদ্র জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানানো হয়েছে। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজশাহীতে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে রাজশাহী জেলা লিগ্যাল এইড কমিটি ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ৮টায় র‌্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে শুরু হয়ে ডিসি অফিস মোড় ঘুরে একই স্থানে এসে র‌্যালিটি শেষ হয়। এতে বিচারক, আইনজীবী, সরকারি আইন কর্মকর্তা, প্যানেল আইনজীবী, সুবিধাভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‌্যালি শেষে জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচএম মাহমুদুর রহমান। বক্তব্য রাখেন- বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান ও জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. শরিফুল ইসলাম খান।

সভায় জানানো হয়, ২০২৫ সালে রাজশাহী জেলায় ৭০১টি বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) আবেদন গ্রহণ করা হয়, যার মধ্যে ৬২১টি নিষ্পত্তি হয়েছে। এসব এডিআরের মাধ্যমে ১ কোটি ১১ লাখ ৮৬ হাজার ১১৬ টাকা আদায় করে বিচারপ্রার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। একই সময়ে ১ হাজার ৯১৯ জনকে আইনগত পরামর্শ দেওয়া হয়েছে। ওই বছর ১ হাজার ৩৫টি মামলা গ্রহণের বিপরীতে ৩৫৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ১৯৪টি এডিআর আবেদন গ্রহণ করা হয়েছে এবং ২৪২টি নিষ্পত্তি হয়েছে। এ সময় ৪৫ লাখ ২৩ হাজার ৬৫১ টাকা আদায় করে বিচারপ্রার্থীদের প্রদান করা হয়েছে। পাশাপাশি ৩১৭ জনকে আইনগত পরামর্শ দেওয়া হয়েছে এবং ২৩৫টি মামলার বিপরীতে ১২৯টি মামলা নিষ্পত্তি হয়েছে।