অপরাহ্ণ ০৮:১৭
সোমবার
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

​যুবদল নেতাকে গ্রেপ্তার, বোয়ালিয়া থানার ওসির প্রত্যাহার চেয়ে রাজশাহীতে মানববন্ধন


sohel প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৬, ৫:১০ অপরাহ্ন /
​যুবদল নেতাকে গ্রেপ্তার, বোয়ালিয়া থানার ওসির প্রত্যাহার চেয়ে রাজশাহীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

​রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় যুবদল নেতা নিজাম আলীকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার দুপুরে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে আয়োজিত এই কর্মসূচি থেকে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামের প্রত্যাহারের দাবি জানান ১৯ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী ও সর্বস্তরের জনগণ।

​মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৩ এপ্রিল শিরোইল বাস টার্মিনালে বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন সমিতির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার মামলায় ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নিজাম আলীর নাম ছিল না এবং তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্তও ছিলেন না। তা সত্ত্বেও গত ২৫ এপ্রিল রাতে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে একটি বিস্ফোরক মামলায় অন্যায়ভাবে গ্রেপ্তার করে।

​যুবদল নেতাদের অভিযোগ, বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম অর্থের বিনিময়ে বিস্ফোরক মামলার মূল আসামিকে আড়াল করে এক ‘জুলাই যোদ্ধাকে’ মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছেন।

বক্তারা ওসিকে ‘আওয়ামী লীগ ঘরানার’ আখ্যা দিয়ে অবিলম্বে তার অপসারণ দাবি করেন।

​আন্দোলনকারীদের অভিযোগ, বিস্ফোরক মামলায় প্রকৃত আসামি ‘ড্রাইভার মিজানকে’ বাঁচাতে পুলিশ মো. নিজাম আলীকে (যিনি পেশায় একজন টিকিট মাস্টার) গ্রেপ্তার করেছে।

বক্তারা বিস্ময় প্রকাশ করে বলেন, মামলার বাদী সশরীরে থানায় উপস্থিত হয়ে নিশ্চিত করেছেন যে গ্রেপ্তারকৃত ব্যক্তি প্রকৃত আসামি নন। এরপরও ‘অদৃশ্য ইশারায়’ ওসি তাকে আদালতে চালান করে জেলহাজতে পাঠিয়েছেন।

​মানববন্ধন থেকে পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ১৭ বছর আন্দোলন করে অর্জিত স্বাধীন দেশে বিসিএস-এর ক্ষমতা জনগণের ওপর প্রয়োগ করা চলবে না।

নিজাম আলীকে ‘জুলাই যোদ্ধা’ উল্লেখ করে বক্তারা জানান, ছাত্র-জনতার গণআন্দোলনেও তিনি কারাবরণ করেছিলেন।

​প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলনকারীরা জানান, এই সময়ের মধ্যে ওসি রবিউলকে প্রত্যাহার করা না হলে এবং নগরীতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তার দায়ভার প্রশাসনকেই নিতে হবে। তারা অবিলম্বে যুবদল নেতা নিজাম আলীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

​ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তব্য দেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. সৈকত পারভেজ, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, মহানগর যুবদলের সদস্য মো. মানিক হোসেন, মো. শুভ, মো. মিলন আলী, মো. শিমুল হোসেন, মো. হাফিজ এবং ভুক্তভোগী নিজাম আলীর স্ত্রী সুমি খাতুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।