আমাদের জন্মভুমি ডেক্স
আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতেও জ্বালানি তেলের দাম সমন্বয় করা হতে পারে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম বৃদ্ধি পেয়েছে। সংশোধিত দাম আজ রাত ১২টার পর থেকে (১৯ এপ্রিল) কার্যকর হবে।
শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী- ডিজেল প্রতি লিটার ১৫ টাকা বেড়ে ১১৫ টাকা, পেট্রল প্রতি লিটার ১৯ টাকা বেড়ে ১৩৫ টাকা, অকটেন প্রতি লিটার ২০ টাকা বেড়ে ১৪০ টাকা, কেরোসিন প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে দেশের বাজারেও এ সমন্বয় করা হয়েছে।
এর আগে এপ্রিল মাসের শুরুতে আমদানি খরচ ও সরবরাহ চাপ বাড়লেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তখন ডিজেলের দাম ছিল ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা প্রতি লিটার।
জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে সরকারকে বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে। মার্চ-জুন প্রান্তিকে ডিজেল ও অকটেনের জন্য ভর্তুকির প্রয়োজন প্রায় ১৬ হাজার ৪৫ কোটি টাকা। এছাড়া এলএনজি আমদানির জন্য একই সময়ে আরও ১৫ হাজার ৭৭ কোটি টাকা ভর্তুকি প্রয়োজন হবে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.