

রাজশাহী জেলা প্রতিনিধি
নওগাঁর মান্দায় “১–৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ”কে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মান্দা উপজেলা শাখার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার বৈকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর মাধ্যমে এ স্মারকলিপি জমা দেন সংগঠনটির নেতৃবৃন্দ। তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে গণমাধ্যমকর্মীদের অধিকার, পেশাগত মর্যাদা এবং রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএমএসএফ মান্দা উপজেলা শাখার সভাপতি মো. রায়হান আলী, সাধারণ সম্পাদক সাফিউল ইসলাম রকি এবং সদস্য সোহেল রানা। এ সময় আর উপস্থিত ছিলেন, আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি এম রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম, দৈনিক পূর্ব দিগন্ত পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম (উজ্জল), দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি ছাইফুল ইসলাম। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্র, সুশাসন ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দেশের সাংবাদিকরা এখনও যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত। এ প্রেক্ষাপটে আগামী ১ থেকে ৭ মে “১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬” উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্মারকলিপিতে বলা হয়, এ সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা আরও সুসংহত হবে। দেশে বিভিন্ন পেশাভিত্তিক সপ্তাহ রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হলেও সাংবাদিকদের জন্য এখনো তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও এতে উল্লেখ করা হয়। এ ছাড়া সাংবাদিকদের জন্য সুনির্দিষ্ট নীতিমালা, সুরক্ষা আইন, তালিকা প্রণয়ন এবং পৃথক অধিদপ্তর না থাকায় তারা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে স্মারকলিপিতে তুলে ধরা হয়। ৩ মে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপিত না হওয়ায় দুঃখ প্রকাশ করে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের দাবিও জানানো হয়। সবশেষে, “১–৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ”কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেন সাংবাদিক নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত এলে দেশের সাংবাদিক সমাজ তাদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা ফিরে পাবে।
আপনার মতামত লিখুন :