
বাবুল রহমান রবিন গাইবান্ধা প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাইবান্ধা জেলা শাখার শীর্ষ দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ও সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত দুজন হলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক ও জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক মাসুদ রানা।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিককে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে তার ছোট ভাই হামিদের বাড়ি আদর্শপাড়া এলাকা থেকে ও বহিষ্কৃত দপ্তর সম্পাদক মাসুদ রানাকে দুপুর দেড়টার দিকে গ্রেপ্তার করা হয়।
ওসি আব্দুল মোত্তালিব সরকার বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক দপ্তর সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। তারা ডিবির হেফাজতে রয়েছে। পরবর্তীতে সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :