[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

বড়াইগ্রামের আহম্মদপুরে নারী খুচরা কার্ডধারী সার ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক, ষড়যন্ত্রের অভিযোগ বিলকিস বেগমের


sohel প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৬, ২:৩৭ অপরাহ্ন / ০
বড়াইগ্রামের আহম্মদপুরে নারী খুচরা কার্ডধারী সার ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক, ষড়যন্ত্রের অভিযোগ বিলকিস বেগমের
শুনুন বাংলায় Ready

বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারে এক বিধবা নারী সার খুচরা কার্ডধারী
ব্যবসায়ীকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা নিয়ে ওঠা অভিযোগের পাশাপাশি তাঁকে হয়রানি ও ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোছা. বিলকিস বেগম।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, আহম্মদপুর বাজারে অবস্থিত মেসার্স মাহি ট্রেডার্সের স্বত্বাধিকারী বিলকিস বেগম। তাঁর স্বামী মরহুম আব্দুল মান্নান ২০০৯ সালে বড়াইগ্রাম উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাধ্যমে খুচরা সার বিক্রির অনুমোদন পান। ২০১৯ সালে স্বামীর মৃত্যুর পর সংসারের দায়িত্ব এসে পড়ে বিলকিস বেগমের ওপর। পরবর্তী সময়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধ এবং তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার সুপারিশে সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সার বিক্রির লাইসেন্সটি তাঁর নামে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সাল থেকে ওই প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে কাজ করছেন মো. রফিকুল ইসলাম। তাঁর নামে বালাইনাশক বিক্রির পৃথক লাইসেন্স ছিল। এ কারণে একই দোকানে মেসার্স মাহি ট্রেডার্সের পাশাপাশি মেসার্স রফিকুল ট্রেডার্সের একটি সাইনবোর্ডও দীর্ঘদিন ধরে ঝুলছিল। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর উপজেলা কৃষি বিভাগের নজরে আসে।
এরপর উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহানের নির্দেশনায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম দোকানটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে একই স্থানে দুটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড দেখতে পেয়ে রফিকুল ইসলামকে বালাইনাশক ব্যবসার সাইনবোর্ডটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে বিলকিস বেগম অভিযোগ করে বলেন, কিছু অজ্ঞত ব্যক্তি মাঝে মধ্যে তাঁর কাছে টাকা দাবি করেন। দাবি পূরণ না করলে ভিডিও ধারণ করে তাঁকে বিপাকে ফেলার চেষ্টা করা হয়। তিনি বলেন, আমি একজন অসহায় বিধবা নারী। সামান্য ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। আমার প্রতিষ্ঠান নিয়ে এভাবে নানা অভিযোগ ও অপপ্রচার চালানো হচ্ছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।
অন্যদিকে কর্মচারী রফিকুল ইসলাম জানান, সার বিক্রির প্রতিষ্ঠানে বালাইনাশক বিক্রির বিষয়টি অনুপযুক্ত বলে জানার পর থেকেই তিনি এ কার্যক্রম বন্ধ রেখেছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সাইনবোর্ডও সরিয়ে ফেলা হয়েছে বলে দাবি করেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান জানান, একই দোকানে খুচরা সার বিক্রির পাশাপাশি বালাইনাশক বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রফিকুল ইসলামের বালাইনাশক বিক্রির লাইসেন্স বাতিলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বিলকিস বেগমকে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, দোকান ভাড়ার চুক্তিপত্র এবং কর্মচারী নিয়োগসংক্রান্ত কাগজপত্র হালনাগাদ করে জমা দিতে বলা হয়েছিল। তিনি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। প্রতিষ্ঠানের লাইসেন্স, ভাড়ার চুক্তি, সাইনবোর্ড এবং বিসিআইসি ডিলারের কাছ থেকে সার কেনার রসিদ তাঁর নামেই রয়েছে। কর্মচারী হিসেবে রফিকুল ইসলামের নিয়োগসংক্রান্ত চুক্তিপত্রও সম্পন্ন করা হয়েছে।
এদিকে স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, কোনো প্রতিষ্ঠানের নিয়মনীতি লঙ্ঘনের অভিযোগ থাকলে তা অবশ্যই প্রশাসনিকভাবে যাচাই করা প্রয়োজন। তবে একই সঙ্গে একজন নারী উদ্যোক্তার সম্মান, নিরাপত্তা ও জীবিকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরার দাবি জানিয়েছেন বিলকিস বেগম। তাঁর মতে, গণমাধ্যম সমাজের দর্পণ। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি।

2

2