
নিজস্ব প্রতিনিধি: মোঃ শাহারিয়ার
নিয়ামতপুর (নওগাঁ)
নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিমদিঘী ও এর আশপাশের গ্রামে তীব্র গ্যাস সংকটে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। এলপি গ্যাসের আকাশচুম্বী দামের পাশাপাশি স্থানীয় বাজারে কৃত্রিম সংকট তৈরি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।
সরেজমিনে নিমদিঘী গ্রামে গিয়ে জানা যায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে সিলিন্ডার প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দিয়েও গ্যাস পাচ্ছেন না সাধারণ ক্রেতারা। খুচরা বাজারের বিক্রেতারা চাহিদামতো সরবরাহ না থাকার ও সংকটের অজুহাত দেখাচ্ছেন। তবে সাধারণ মানুষের অভিযোগ, অতিরিক্ত মুনাফার আশায় অনেক অসাধু ব্যবসায়ী গ্যাস মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছেন।
নিমদিঘী গ্রামের ভুক্তভোগী গৃহবধূরা ক্ষোভ প্রকাশ করে জানান, বাজারে সব জিনিসের দাম এমনিতেই চড়া, তার ওপর গ্যাসের দাম এখন নাগালের বাইরে। অতিরিক্ত টাকা নিয়েও বাজারে এলপিজির সিলিন্ডার মিলছে না। বাধ্য হয়ে অনেক পরিবারকে এখন মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করতে হচ্ছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, প্রশাসন যদি দ্রুত এই অঞ্চলের এলপিজির বাজার মনিটরিং না করে এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, তবে সাধারণ মানুষের এই ভোগান্তি আরও তীব্র রূপ নেবে।
আপনার মতামত লিখুন :