
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে তফের আলী (৫০) নামে এক ভ্যানচালককে হাতুড়ি ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তাঁর ভ্যান নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঁকড়ামারী-পরানপুর সড়কের শিশাতলা এলাকায় এ ঘটনা ঘটে।সংবাদ পড়ুন
আহত তফেল আলী চারঘাট উপজেলার অনুপামপুর কারিগরি পাড়া গ্রামের মৃত কানু আলীর ছেলে। তাঁকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগীর বরাত দিয়ে জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই ব্যক্তি চারঘাট বাজার থেকে পরানপুর যাওয়ার কথা বলে তাঁর ভ্যান ভাড়া করেন। পরে কাঁকড়ামারী বাজার পার হয়ে পরানপুর বাজারের আগে শিশাতলা এলাকায় পৌঁছালে ওই দুই ব্যক্তি কোমর থেকে হাতুড়ি ও চাপাতি বের করেন। এরপর তাঁরা তফেল আলীকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তার পাশের জমিতে ফেলে রেখে ভ্যান নিয়ে পালিয়ে যান।
আহত অবস্থায় তফেল আলীর চিৎকার ও কান্নাকাটি শুনে পথচারী অন্য ভ্যানচালক ও যাত্রীরা এগিয়ে আসেন। পরে তাঁকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তহরুজ্জামান জানান, আহত ভ্যানচালকের দুই হাতই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি হাত ভেঙে গুরুতর জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :