অপরাহ্ণ ০৪:২১
বৃহস্পতিবার
১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ামতপুরে গভীর রাতে সিঁধ কেটে ঘরে দুর্ধর্ষ চুরি: চুরি গেল নগদ টাকা ও স্বর্ণালংকার


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন /
নিয়ামতপুরে গভীর রাতে সিঁধ কেটে ঘরে দুর্ধর্ষ চুরি: চুরি গেল নগদ টাকা ও স্বর্ণালংকার

সাগর, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে এক প্রবাসীর/বাসাবাড়িতে গভীর রাতে সিঁধ কেটে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মহিশো গ্রামের মাজহারুল ইসলামের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গৃহমালিক মাজহারুল ইসলাম বর্তমানে কাজের সূত্রে রাজশাহীতে পরিবার নিয়ে বসবাস করেন। গ্রামে তাঁর পৈতৃক বাড়িটি দেখাশোনা করেন ছোট ভাই জাহিদুল ইসলাম। ঘটনার দিন রাত সাড় ১০টার দিকে জাহিদুল বাড়ির প্রতিটি ঘরের তালা সঠিকভাবে লক করা আছে কি না পরীক্ষা করে পাশের ঘরে ঘুমাতে যান।
​পরদিন ভোর ৫টার দিকে প্রতিবেশীরা বাড়ির পেছনের দেওয়ালে সিঁধ কাটা (গর্ত করা) দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন। পরে ভেতরে ঢুকে দেখা যায়, চোরচক্রটি সিঁধ কেটে ঘরে প্রবেশ করে ঘরের আলমারি ও ওয়ারড্রবের ড্রয়ার ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র, জমির দলিলপত্রসহ মালামাল তছনছ করে ফেলে রেখে গেছে। ঘরের ভেতর থাকা নগদ অর্থ ও মূল্যবান স্বর্ণালংকার চুরি হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
​ভুক্তভোগীর ভাই জাহিদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার ভাই রাজশাহীতে থাকেন, আমি প্রতিদিনই রাতে ঘরটি দেখে ঘুমাই। ভোরবেলায় প্রতিবেশীদের ডাকে উঠে গিয়ে দেখি ঘরের পেছনে সিঁধ কাটা এবং ভেতরে সব কাগজপত্র ও আসবাবপত্র এলোমেলোভাবে পড়ে রয়েছে। গত দুই মাস আগেও আমাদের খড়ের পালায় রহস্যজনকভাবে আগুন ধরিয়ে দিয়েছিল দুর্বৃত্তরা। একের পর এক এসব ঘটনায় আমরা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি।”
​পরপর দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর মহিশো গ্রাম ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও রাত্রিকালীন পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।
​এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “চুরির ঘটনা সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

2

2